কল্পনায় সবসময় চেয়েছি আমার ঘরে ছোট্ট ফুটফুটে একটি মেয়ে থাকবে। আমার মেয়ে। ঘর আলো করে সারাদিন ছুটে বেড়াবে… আধো আধো বোলে মাতিয়ে রাখবে সারা বাড়ি। এ আমার স্বপ্নের মেয়ে। স্বপ্নে থাকে। স্বপ্নের মতই সুন্দর। রেশমী কালো চুল দুলিয়ে, নরম হাতের ছোট্ট আঙ্গুলে আমার আঙ্গুল জড়িয়ে ঘুরে বেড়াবে ঘরময়… আমার সেই মেয়ে।
প্রথম যখন এই কবিতাটি পড়ি তখনো আমার সেই মেয়ে জন্ম নেয়নি। একদিন সন্ধেবেলায় হঠাৎ এই কবিতাটি পড়ে মনটা এত বিষন্ন হয়ে পড়ল… কেন যেনো মনে হল আমার অনেক সুন্দর একটি মেয়ে হবে… আমি অনেক আদরে দেখে রাখব তাকে… অনেক যত্ন নিয়ে ধরে রাখব বুকের ভেতরে…
অনেকদিন পর জীবনানন্দ পড়তে গিয়ে এই কবিতাটিই প্রথম চোখে পড়ল । আপনাদেরও হয়ত ভালো লাগবে।
মেয়ে
জীবনানন্দ দাশ
আমার এ ছোটো মেয়ে – সবশেষ মেয়ে এই
শুয়ে আছে বিছানার পাশে
শুয়ে থাকে – উঠে বসে – পাখির মতন কথা কয়
হামাগুড়ি দিয়ে ফেরে মাঠে মাঠে আকাশে আকাশে।…
ভুলে যাই ওর কথা – আমার প্রথম মেয়ে সেই
মেঘ দিয়ে ভেসে আসে যেন
বলে এসেঃ ‘বাবা তুমি ভালো আছ? ভালো আছ? –ভালোবাসো ?‘
হাতখানা ধরিঃ ধোঁয়া শুধু কাপড়ের মতো শাদা মুখখানা কেন!
‘ব্যথা পাও ? কবে আমি মরে গেছি – আজো মনে করো ?‘
দুই হাত চুপে চুপে নাড়ে তাই
আমার চোখের ‘পরে, আমার মুখের ‘পরে মৃত মেয়ে ;
আমিও তাহার মুখে দু‘হাত বুলাই ;
তবু তার মুখ নাই- চোখ চুল নাই।
তবু তারে চাই আমি – তারে শুধু – পৃথিবীতে আর কিছু নয়
রক্ত মাংস চোখ চুল – আমার সে মেয়ে
আমার প্রথম মেয়ে – সেই পাখি – শাদা পাখি – তারে আমি চাই;
সে যেন বুঝিল সব – নতুন জীবন তাই পেয়ে
হঠাৎ দাঁড়াল কাছে সেই মৃত মেয়ে।
বলিল সেঃ ‘ আমারে চেয়েছ তাই ছোটো বোনটিরে –
তোমার সে ছোটো – ছোটো মেয়েটিরে এসেছি ঘাসের নিচে রেখে
সেখানে ছিলাম আমি অন্ধকের এতদিন
ঘুমাতেছিলাম আমি‘ – ভয় পেয়ে থেমে গেল মেয়ে,
বলিলামঃ ‘আবার ঘুমাও গিয়ে –
ছোটো বোনটিরে তুমি দিয়ে যাও ডেকে।‘
ব্যথা পেল সেই প্রাণ – খানিক দাঁড়াল চুপে – তারপর ধোঁয়া
সব তার ধোঁয়া হয়ে খ‘সে গেলো ধীরে ধীরে তাই,
শাদা চাদরের মতো বাতাসেরে জড়ায় সে একবার
কখন উঠেছে ডেকে দাঁড়কাক –
চেয়ে দেখি ছোটো মেয়ে হামাগুড়ি দিয়ে খেলে – আর কেউ নাই ।
আসাদ ইকবাল said,
12/04/2010 Project Management 11:02 পুর্বাহ্ন
সুন্দর কবিতা। এটা “অগ্রন্থিত ” এর মানে কি? মাফ করবেন কারন আমি এসব ব্যাপারে অনেক কম জানি
।
Rashedul Kabir said,
12/04/2010 Project Management 2:00 অপরাহ্ন
বেচে থাকা অবস্থায় জীবনানন্দের প্রকাশিত বই এর সংখ্যা ৮ টি। মৃত্যুর পর উনার অজস্র কবিতা পাওয়া যায় যেগুলো কোথাও প্রকাশিত হয় নি। জীবদ্দশায় গ্রন্থ আকারে প্রকাশিত হয় নি বলে এটি অগ্রন্থিত কবিতা।
কবিতাটি সত্যিই সুন্দর।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
faridgem said,
12/09/2010 Project Management 9:41 অপরাহ্ন
I think you are having very nice wordpress bangla poem blog.Thanks for collecting some nice poem.